জীবননগরে কৃষককে মারধরের অভিযোগে সার ডিলারের বিরুদ্ধে মানববন্ধন

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বিকেল ৫ টার সময় কেডিকে ইউনিয়নের সাধারণ কৃষকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় সাধারণ কৃষকরা জানান, আওয়ামী সন্ত্রাসী টগরের ক্যাডার সার ডিলার আরাফান কবিরের অনিয়ম ও দুর্নীতি সীমাহীন। সে কৃষকদেরকে সার না দিয়ে দুর্নীতির মাধ্যমে সার গুদামজাত করে সারের কৃত্রিম সংকট তৈরি করছে। এরপর সেই সার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে কৃষকদের কাছে বিক্রি করে। এর ফলে কৃষকরা তাদের জমির ফসল উৎপাদন নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। এমন কি সার ডিলারের এই অনিয়মের প্রতিবাদ করার কারণে গত সোমবার খয়েরহুদা গ্রামের মৃত আজিজ মন্ডলের ছেলে কাঁকন রেজাকে (২৬) বেধড়ক মারপিটের অভিযোগ উঠেছে আরাফান কবিরের বিরুদ্ধে। একারণে এ অঞ্চলের কৃষকদের মাঝে উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।
এ ব্যাপারে ভুক্তভোগী কৃষক কাকন রেজা জানান, আমি একজন প্রান্তিক কৃষক। অতি কষ্ট করে আমি ফসল আবাদ করেছি। আমার ফসলের জন্য সারের প্রয়োজন হওয়ায় গত সোমবার গ্রামের সার ডিলার আরাফান কবীরের কাছে সার কিনতে যায়। আমি দীর্ঘক্ষণ লাইন দাঁড়িয়ে শেষ পর্যন্ত সে আমাকে সার না দিয়ে পরে আসতে বলে। আমি পুনরায় তার কাছে সার নিতে গেলে সে সরকার নির্ধারিত মূল্য টিএসপি ৫০ কেজির বস্তা ১৩৫০ টাকার পরিবর্তে সে আমার কাছে ২১০০ টাকা দাবি করে। আমি এর প্রতিবাদ করলে সে আমাকে লাঠি দিয়ে বেধড়ক পেটায়। এছাড়াও সে আমাকে বলে তুই বিএনপি করিস তোর কাছে কখনো আর সার বিক্রি করব না। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে।
মানববন্ধনে কৃষকরা আরো বলেন, আওয়ামী সন্ত্রাসী টগরের ক্যাডার সার ডিলার আরফান কবিরের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এবং ডিলারশিপ বাতিলের দাবিতে আজ আমাদের মানববন্ধন। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাবি রাখবো সাধারণ কৃষকদের চিন্তা করে এরকম অনিয়ম ও দুর্নীতিবাজদের সার ডিলারশিপ বাতিল করে কৃষকদের পাশে দাঁড়াবেন এটা আমাদের প্রত্যাশা।
শামসুজ্জোহা পলাশ/এনএএন টিভি

Share this news as a Photo Card